প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রুম্মান মাহমুদ শৈশব , জেলা প্রতিনিধি বাগেরহাট ||
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাগ, বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, যুবনেতা সুজাউদ্দিন মোল্লা সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা রেজাউল করিম এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনের চেতনা জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। এই চেতনাকে ধারণ করে গণতন্ত্র, উন্নয়ন ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন, জাতীয় স্বার্থে সব ধরনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকাই ৭ নভেম্বরের অন্যতম শিক্ষা। নতুন প্রজন্মের কাছে এ দিনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে, যাতে তারা দেশের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বিভাগের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত