প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গু আতঙ্ক থেকে পরিচ্ছন্নতার উদ্যোগ, প্রশংসায় ভাসছেন ইউএনও আসিফ আল জিনাত
এস এম মিঠু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকায় একই গ্রামের অন্তত ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তাঁর নির্দেশনায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের উদ্যোগে টানা তিন দিন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।জনস্বার্থে প্রকাশিত সংবাদে সাড়া দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের উদ্যোগের বিষয়টি আলোচনায় এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দৈলেরবাগ এলাকায় পাশাপাশি কয়েকটি বাড়ির অন্তত ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসী। এ পরিস্থিতিতে এলাকায় মশক নিধন, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ওঠে।গত ৩ নভেম্বর বার্তা বিচিত্রাসহ কয়েকটি গণমাধ্যমে ‘একই গ্রামে ২৪ ডেঙ্গু রোগী, সোনারগাঁও পৌরসভার মশক নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন ইউএনও আসিফ আল জিনাত। তাঁর নির্দেশনায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের উদ্যোগে এলাকায় টানা তিন দিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়।এদিকে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করায় বার্তা বিচিত্রা পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মিঠুকে ধন্যবাদ জানিয়েছেন ইউএনও আসিফ আল জিনাত। তিনি এ ধরনের জনসচেতনতামূলক ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখেন।এ বিষয়ে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”এলাকাবাসী জানান, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরা এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ—দুটিই এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে।স্থানীয়দের প্রত্যাশা, দৈলেরবাগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে সোনারগাঁও পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত