প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এস এম মিঠু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তার শিমুল কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা ঢাকার রমনা থানার ৭৬/সেগুনবাগিচা এলাকায়।বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় আব্দুল কাদিরের (৪২) বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ওয়াছেক মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শিমুলকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত