প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ৪ লাখ টাকার মালামাল
এস এম মিঠু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক বাসচালকের ভাড়া বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়ির সিঁড়ির গেটের তালা কেটে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ১৬ ভরি রুপা, ৫ আনা স্বর্ণালংকার, নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও একটি স্মার্টফোনসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জৈনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাসচালকের নাম হাসান আলী (৪০)।হাসান আলী জানান, তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইউসুফ বেপারীর ছেলে। কয়েক দিন আগে জৈনপুর মোড় গ্রামের ফারুক মিয়ার বহুতল ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি।মঙ্গলবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দলের তিন সদস্য বাড়ির সিঁড়ির গেটের তালা কেটে তাঁর ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাঁর তিন বছর বয়সী মেয়ের গলায় চাপাতি ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে তাঁকে বেঁধে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতদের কাছে চাপাতি ও চাইনিজ কুড়াল ছিল।পরে তাঁর কাছ থেকে আলমারির চাবি নিয়ে সেটি খুলে নগদ ২ লাখ ১০ হাজার টাকা, একটি স্মার্টফোন, ১৬ ভরি রুপা ও ৫ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের চলে যাওয়ার পর হাসান আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন।ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পরদিন সকালে তিনি সোনারগাঁ থানায় ফোন করলে শ্রমিক অসন্তোষের কারণে পুলিশ ব্যস্ত রয়েছে বলে তাঁকে জানানো হয়।এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, ডাকাতির সময় ভবনের নিচে ও আশপাশে মুখোশ পরা আরও কয়েকজন অবস্থান করছিল। ডাকাতির ঘটনায় জড়িতদের পাশাপাশি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। সূত্রটির দাবি, ডাকাতি হওয়া বাড়ির পাশের রওকত মিয়ার একটি টিনের ঘরে তাঁর ছেলে মাহফুজের নেতৃত্বে মাদকসেবী ও অপরাধীদের আড্ডা বসে। ওই ঘরে রামদা, রড ও লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্র রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের অভিযোগ, মাহফুজ, নাঈম ও লিটনের ভয়ে কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পান না। কেউ প্রতিবাদ করলে তাঁদের প্রকাশ্যে রামদা নিয়ে ভয়ভীতি দেখানো ও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, ডাকাতির ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।
কপিরাইট © ২০২৬ দেশ চিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত