প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন
মোঃ ওয়াসিম আকরাম, জেলা প্রতিনিধি গাজীপুর ||
গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও ক্রেস্ট বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল জনশক্তিতে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. আউয়াল ফরাজীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংগঠনের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে নির্বাচিত যুবক-যুবতীদের মাঝে ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব নিরসন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ দেশচিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত