প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশের পর অবশেষে পরিষ্কার হলো সোনারগাঁয়ের বিজয়স্তম্ভ
এস এম মিঠু, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
সোনারগাঁও সময় নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা রোডে অবস্থিত বিজয়স্তম্ভের সামনের অংশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।প্রতি বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মত্যাগের স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে সোনারগাঁ উপজেলা রোডের বিজয়স্তম্ভ। তবে দীর্ঘদিন ধরে এই বিজয়স্তম্ভের সামনের অংশে ময়লা-আবর্জনা জমে পরিবেশ নোংরা হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।স্থানীয়ভাবে অভিযোগ ছিল, বিজয়স্তম্ভের আশপাশের সিএনজি ও অটোরিকশা গ্যারেজ এবং স্বপ্ন সুপারশপের ময়লা-আবর্জনা গেটের সামনে ফেলা হচ্ছিল। এতে সেখানে ময়লার স্তূপ তৈরি হয় এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ এই স্থানের পরিবেশ ও সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল।এ নিয়ে ‘সোনারগাঁও সময় নিউজে’-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিজয়স্তম্ভের সামনের অংশ পরিষ্কার করা সম্ভব হয়।সংশ্লিষ্টদের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে শুধু এক দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বিজয়স্তম্ভের সামনের পরিবেশ সারা বছর পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল।তাঁদের মতে, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি। পাশাপাশি বিজয়স্তম্ভের সামনে সিএনজি ও অটোরিকশা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াও প্রয়োজন।মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারা বছর এর পরিবেশ ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। তাই ভবিষ্যতে যেন এই স্মৃতিস্তম্ভের সামনে আবারও ময়লার স্তূপ তৈরি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ দেশচিত্র মিডিয়া । সর্বস্বত্ব সংরক্ষিত